চাঁপাইনবাবগঞ্জে এবারো ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি -কয়েক বছরের মতো এবারো চাঁপাইনবাবগঞ্জ জেলায় ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না। পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুস সামাদ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা কালেক্টরেট চত্বরে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, বিগত দুই বছরের অভিজ্ঞতার আলোকে এ বছরও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো প্রকার ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। অর্থাৎ আম যখন পরিপক্ক হবে, তখনই গাছ থেকে পেড়ে বাজারজাত করা যাবে। এ ব্যাপারে আম চাষিদের জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে।
‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত’ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভার শুরুতে আম চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে মতামত নেয়া হয়।
চাষিরা জানান, অন্যান্য জেলার থেকে চাঁপাইনবাবগঞ্জে আম কিছু সময় পরে পরিপক্ক হয়। সেই জন্য ম্যাংগো কালেন্ডারের প্রয়োজন নেই।
আমচাষিরা জানান, জেলার আম বাগানগুলোয় তিন দফা মুকুল আসে। যেসব গাছে অগ্রিম মুকুল আসে, সেই সব গাছে পরিপক্ক হয়ে আম পেকে যায় আগেই। যদি গাছ থেকে আম নামানোর সময়সীমা নির্ধারণ করা হয়, তাহলে আগাম মুকুলের গাছগুলোয় আম পেকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের প্রণয়ন করা ম্যাংগো ক্যালেন্ডারের জন্য সে আমগুলো গাছ থেকে নামানো সম্ভব হবে না। এ জন্য গাছ থেকে আম নামানোর সময়সীমার প্রয়োজন নেই।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘‘বিগত দুই বছরে গাছ থেকে আম নামানোর সময়সীমা বেঁধে না দেয়ায় কোনো অনিয়ম হয়নি। অপুষ্ট বা অপরিপক্ক আম গাছ থেকে পাড়া হয়নি। এ অভিজ্ঞতার আলোকে এবারও ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না। অপরিপক্ক আম বাজারজাত না হয়, সেদিকেও প্রশানের নজরদারি থাকবে।’’
পরিবহনের বিষয়ে তিনি জানান, রেলওয়ে বিভাগ জানিয়েছে যখনই এ জেলার আম পাড়া হবে; তখন থেকে আম পরিবহনের জন্য সহযোগিতা করবে। ঠিক একইভাবে ডাক বিভাগ তাদের বিশেষ উদ্যোগের মাধ্যমে এ জেলা থেকে বিভিন্ন জায়গায় কমখরচে আম পরিবহনে সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, পশ্চিমাঞ্চল রেওলয়ের উপপ্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কৃষি অ্যাসোসিয়শনের সভাপতি মুনজের আলম মানিক, আম চাষি রফিকুল ইসলাম, আহসান হাবিব, ইসমাইল খান শামীম প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































